জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য নেতৃত্বে ৬-দফা ঘোষণা ও ৭ জুনের প্রতিরোধ দিবস নিয়ে বর্তমান গৃহবন্দি সময়ে বিশেষ অনলাইন প্রদর্শনীর আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর।
‘অন্ধকার থেকে আলোয়: ৫ ফেব্রুয়ারি- ৭ জুন, ১৯৬৬’ শীর্ষক অনলাইন এই প্রদর্শনী রবিবার থেকে সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
এক ভিডিও বার্তার মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধনের সময় অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ৬ দফা দাবি উত্থাপন করেছিলেন। যার মাধ্যমে পাকিস্তানকে তিনি একটি ‘লুজ কনফেডারেশনে’ পরিণত করতে চেয়েছিলেন।
তিনি বলেন, আজকে এত বছর পর আমরা যখন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬ দফা দিবস পালন করছি তখন করোনা মহামারির কারণে প্রত্যক্ষভাবে সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটি করা সম্ভব হচ্ছে না। তবে অনলাইনে এই প্রদর্শনী আয়োজনের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, বস্তুত পক্ষে বাঙালি জাতি ৬ দফা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ হয়েছিল। ১৯৬৬ সালের ৭ই জুন ৬ দফার দাবির আন্দোলনে অন্তত ১১জন বাঙালি প্রাণ দিয়েছেন, বঙ্গবন্ধু কারারুদ্ধ হয়েছেন। আরও অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হয়েছেন।
এদিকে মুক্তিযুদ্ধ জাদুঘরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা আক্রান্ত দুঃসময়ে সবার প্রতি শুভেচ্ছা জানাই, কামনা করি সকলের সুস্থতা। জাদুঘরের দরজা বন্ধ রইলেও আমরা জানালা খোলা রেখে কাজ করতে সচেষ্ট রয়েছি।
প্রদর্শনী সংক্রান্ত লিংক:
Link of Exhibition: https://youtu.be/KXtra0aUCZ4
