কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবাসহ মমতাজ উদ্দীন (৪৬) নামে একজনকে আটক করেছে র্যাব।
সে হ্নীলা ইউনিয়নের পশ্চিম গাজি পাড়া গ্রামের মো. এজাহার মিয়ার ছেলে। মঙ্গলবার বিকেলে তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
তার কাছ থেকে নয় হাজার সাত শ বিশ পিস ইয়াবা ট্যাবলেট, দেশে তৈরি একটি রাইফেল ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। র্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবার মূল্য আটচল্লিশ লাখ ষাট হাজার টাকা।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (সহকারী পরিচালক) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, কতিপয় মাদক কারবারি টেকনাফ উপজেলার রঙ্গিখালী পশ্চিম জুম্মপাড়ার ছোটে কালভার্টের ওপর ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মমতাজ উদ্দিনকে আটক করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে দেশে তৈরি সচল .২২ (পয়েন্ট টু) বোর রাইফেল, একটি ওয়ান শুটারগান গান এবং ৯ হাজার ৭২০ পিস ইয়াবা জব্দ করা হয়।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মাদক দ্রব্য মামলা রুজু করা হয়েছে।
