করোনায় প্রাণ হারালেন আরো এক পুলিশ সদস্য। তিনি কুড়িগ্রাম জেলা পুলিশের ইন্সপেক্টর মো। আব্দুল জলিল (৫৫)। করোনাক্রান্ত হয়ে তিনি মঙ্গলবার বেলা দেড়টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি নওগাঁ জেলার আত্রাই থানার দীপ চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়ি পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
করোনায় এ নিয়ে বাংলাদেশ পুলিশের ২০ সদস্য প্রাণ হারান।
