নারায়ণগঞ্জ সদরের অন্যতম ইউনিয়ন ‘আলীরটেক’। যেখানে একজনও করোনা রোগী নেই। এজন্য এই ইউনিয়নকে জেলার গ্রীন জোন ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার বিষয়টি নিশ্চিত করেন জেলা করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম।
দেশ রূপান্তরকে তিনি বলেন, আমাদের সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে এখন পর্যন্ত কারোও কভিট ১৯ পজিটিভ পাওয়া যায়নি। ফলে করোনামুক্ত এ ইউনিয়নকে গ্রীন জোন হিসেবে চিহিৃত করা হয়েছে। তবে এখানকার সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম না ঘটানো, অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী চিহিৃত জেলার মধ্যে নারায়ণগঞ্জ অন্যতম। এরপর ক্রমান্বয়ে রোগীর সংখ্যা ও মৃত্যু বাড়তে থাকায় করোনার হটস্পট হিসেবে চিহিৃত করা হয় জেলাটিকে। সর্বশেষ ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে ৩জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়া ঢাকা মেডিকেলে আরও ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিন জেলায় নতুৃন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬৬ জন। এনিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৭শ ৭১।
