জ্বর কাশি সর্দি ও শ্বাসকষ্ট

ইউপি চেয়ারম্যান স্বাস্থ্যকর্মীসহ ৬ জনের মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২০, ০৩:৪২ এএম

করোনার উপসর্গ জ্বর, কাশি, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে চার জেলায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে দুজন করে এবং গাজীপুর ও দিনাজপুরে একজন মরে মারা গেছেন। প্রতিনিধিদের পাঠানো খবর:

ব্রাহ্মণবাড়িয়া : গতকাল বুধবার সকালে নাসিরনগর উপজেলায় শরিফ উদ্দিন নামে একজন স্বাস্থ্যকর্মী এবং নবীনগর উপজেলার মাঝিকাড়া গ্রামের তাহসিন আক্তার জনি নামে এক নারীর মৃত্যু হয়। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় জানান, শরিফ উদ্দিনের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফি জানান, তার বাড়িটি লকডাউন করা হয়েছে।

তাহসিন আক্তার জনি নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের পরিবহন শ্রমিক জসিম উদ্দিনের মেয়ে। সিলেটে কৃষি বিপণন অধিদপ্তর অফিসে কর্মরত ছিলেন তিনি। স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার সিলেট থেকে বাড়িতে আসার পর করোনার উপসর্গ ঠা-া, কাশি, জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ৯টার দিকে মারা যান তিনি। তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ইউএইচএ ডা. হাবিবুর রহমান।

চাঁদপুর : শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সফি আহমেদ মিন্টু ও চাঁদপুর সদর উপজেলার মুখার্জিঘাট এলাকার বাসিন্দা নিরেন বর্মন (৫৫) মারা গেছেন। তাদের মধ্যে মঙ্গলবার দিবগত গভীর রাতে মারা যান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিন্টু এবং গতকাল সকালে মারা যান নিরেন বর্মন। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অচিন্ত্য কুমার চক্রবর্তী বলেন, ‘চেয়ারম্যানের জ্বর-শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ থাকায় মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে তিনি মারা যান। তার মৃত্যুর খবরটি আমাদের না জানিয়ে দাফনকার্য সম্পন্ন করা হয়।’ তিনি জানান, চেয়ারম্যান সফি আহমেদের মৃত্যুর পর তার বাড়ি এবং আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। যারা দাফনকার্যে অংশ নিয়েছেন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা সাজেদা আক্তার পলিন জানান, গতকাল সকালে করোনা উপসর্গ নিয়ে শহরের মুখার্জিঘাট এলাকার বাসিন্দা নিরেন বর্মন মারা যান। দুপুরে তাকে শহরের লঞ্চঘাট এলাকায় খ্রিস্টান কবরস্থানে মাটি দেয় বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার ভলান্টিয়ার দল।

গাজীপুর : কভিড ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে জালাল উদ্দিন নামে ৭১ বছর বয়সী এক বৃদ্ধ মঙ্গলবার রাতে মারা যান। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নার্সারি তত্ত্বাবধায়ক ছিলেন। হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার মো. রফিকুল ইসলাম, তিনি ৮ জুন ভর্তি হন। তার নমুনা ঢাকায় পাঠানো হলেও রিপোর্ট আসেনি। তার ডায়াবেটিস ও হার্টের সমস্যা ছিল।

হাকিমপুর (দিনাজপুর) : হিলির জাংগই গ্রামের নিজ বাড়িতে সাহেব আলী (৬০) নামের এক বৃদ্ধ গতকাল সকালে মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুস সাঈদ বলেন, সাহেব আলী দশ দিন আগে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার সাভার থেকে জাংগই গ্রামের বাড়িতে আসেন। এ সময় তার করোনার উপসর্গ জ্বর-সর্দি ছিল। সংবাদ পেয়ে পরের দিন আমরা তার ও পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করি। বুধবার সকাল ৮টায় সাহেব আলী মারা যান। সকাল ১১টার দিকে নমুনা পরীক্ষার ফল এলে তাতে সাহেব আলীর নেগেটভ আসে তবে তার ছেলে মিলনের পজিটিভ শনাক্ত হয়। সাহেব আলীর বাড়ি লকডাউন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত