মধুখালীতে ৪ কৃষকের বাড়িতে হামলা, লুট

আপডেট : ১১ জুন ২০২০, ০৫:৪৩ এএম

ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের চর বাঁশপুর গ্রামে প্রতিপক্ষ দুই দফায় চার কৃষকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর অন্যপক্ষের অভিযোগ, হামলায় তাদের তিন সমর্থক আহত হয়েছেন।

গতকাল বুধবার দুপুরে ও গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার সন্ধ্যায় চর বাঁশপুর গ্রামের দরিদ্র কৃষক মুসা মুনশি (৪৩), পাঁচু শেখ (৪০), দুলাল শেখ (৭৫) ও মালেক শেখের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় মুসা মুনশির স্ত্রী রুপালী বেগম (৩৪) ও পাঁচু শেখের স্ত্রী শেফালী বেগম ও একটি প্রতিবন্ধী শিশুসহ কয়েকজন আহত হন।

আহত শেফালী বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আহম্মদ আলী শেখের নির্দেশে তার লোকরা এ হামলা চালায়। হামলাকারীরা তাদের টেনেহিঁচড়ে মারপিট করে এবং বাড়িঘর ভাঙচুর করে সোনার গহনা, টাকা ও মালামাল নিয়ে গেছে। পরে বুধবার দুপুরে তারা আবার হামলা চালায়।

আহত রুপালী বেগম বলেন, হামলাকারীরা মোবাইল ফোন ও টাকার সঙ্গে থাকা সোনার চেইন, কানের দুলও নিয়ে গেছে।

সাবেক ইউপি সদস্য আহম্মদ আলী শেখের সমর্থক সাহিদুল মোল্যা বলেন, মঙ্গলবার বিকেলে ওরা প্রথমে হামলা করে আমাদের তিনজনকে আহত করে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মধুখালী থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত