করোনা উপসর্গ নিয়ে মৃত বেড়ে ৮৬১ জন

আপডেট : ১১ জুন ২০২০, ০১:৩৪ পিএম

দেশে করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের লক্ষণ বা উপসর্গ নিয়ে মৃত বেড়ে ৮৬১ জনে দাঁড়িয়েছে। কেবল এক সপ্তাহে ১২৪ জনের মৃত্যু হয়েছে। এক সপ্তাহে এটি সর্বোচ্চ।

করোনা পরিস্থিতি নিয়ে দেশের ২৫টি গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণ করে বৃহস্পতিবার নতুন প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও)।

এতে বলা হয়, গত এক সপ্তাহে ১২৪ জনের মৃত্যু হয়েছে। এর আগের সপ্তাহে এমন মৃত্যু ছিল ৭৩ জনের। আগের চেয়ে মৃত্যু বেড়েছে ৭০ শতাংশ।

সব মিলিয়ে করোনা সংক্রমণের লক্ষণ বা উপসর্গ নিয়ে মৃত বেড়ে ৮৬১ জনে দাঁড়িয়েছে। গত ২২ মার্চ থেকে ৬ জুন পর্যন্ত সময়ে এমন মৃত্যুর তথ্য পেয়েছে বিপিও।

এদিকে সরকারি হিসাবে দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বুধবার সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৭৪ হাজার ৮৬৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১ হাজার ১২ জন।

বিপিও বলছে, ৮ মার্চ থেকে করোনা বিষয়ে গণমাধ্যমের প্রকাশিত তথ্য সংগ্রহ করে প্রতি সপ্তাহে একটি প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের (সিজিএস) একটি প্রকল্প বিপিও। জাতিসংঘের সংস্থা ইউএনডিপির আর্থিক সহায়তায় কয়েকটি বিষয় নিয়ে তারা নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে আসছে। করোনা পরিস্থিতি নিয়ে প্রতি সপ্তাহে প্রতিবেদন দিচ্ছে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত