ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১২ জুন ২০২০, ০৯:২৪ এএম

নিজেদের ভুখণ্ড থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নিতে কয়েকমাস আগেই জোরালো দাবি উঠেছিল ইরাকি পার্লামেন্টে। তাই করতে যাচ্ছে মধ্য প্রাচ্যের দেশটিতে আগেই অবস্থান হারানো যুক্তরাষ্ট্র। আসছে মাসগুলোতে দেশটিতে নিজেদের সৈন্য সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে পেন্টাগন।

ইরাক ও যুক্তরাষ্ট্রের শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেয় বলে বার্তা সংস্থা এএফপি’র খবর। ইরাক অঞ্চলকে উগ্র সুন্নী জঙ্গীগোষ্ঠী আইএসআইএস’কে অনেকটাই বিতাড়িত করতে পারায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

“আইএসআইএস’র হুমকি বিতাড়নে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় ইরাক থেকে আসছে মাসগুলোতে যুক্তরাষ্ট্রের সৈন্যবাহিনী প্রত্যাহার শুরু হবে। এই ব্যাপারে দুই দেশ মতৈক্যে পৌঁছেছে।”

“যুক্তরাষ্ট্র জোর দিয়ে আবার বলছে, ইরাকে স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন বা উপস্থিতি রাখার কোনো অভিপ্রায় বা ইচ্ছা নেই।”

এই সময়ে যুক্তরাষ্ট্রের সৈন্যবাহিনীর ঘাঁটিগুলো ইরানের হামলা থেকে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইরাক।

ইরাক পরিস্থিতি নিয়ে গত দশকের বেশি সময়ের মধ্যে বৃহস্পতিবার দেশটির সঙ্গে প্রথম কোনো কৌশলগত সংলাপে বসে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ভার্চুয়াল মাধ্যমে হয় এ সংলাপ। বৈঠক শেষে মার্কিন সৈন্য প্রত্যাহার নিয়ে যৌথ বিবৃতি দেয় উভয় দেশ।

যুক্তরাষ্ট্র ও ইরানের টানাপোড়েনে সম্প্রতিক মাসগুলোতে বাগদাদে ড্রোন হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কয়েক মাস আগেই ইরাকি পার্লামেন্টে মার্কিন সৈন্য প্রত্যাহার নিয়ে সর্বসম্মত দাবি ওঠে। জানুয়ারিতে বাগদাদে অতর্কিত এক মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সুলেমানিকে হত্যার এই দাবি জোরালো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত