আজ বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাণিজ্য শুরু

আপডেট : ১৩ জুন ২০২০, ০৬:৩৪ এএম

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৮০ দিন বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা চতুর্দেশীয় স্থলবন্দর দিয়ে শর্তসাপেক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের আলোকে আজ শনিবার থেকে এই বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে বাণিজ্য শুরু হবে।

প্রাথমিকভাবে এই তিন দেশ থেকে প্রতিদিন একশটি ট্রাক আমদানি শুরু করবে। একইভাবে রপ্তানি কার্যক্রমও চলবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন সভায় সভাপতিত্ব করেন। সভায় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আনিসুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পঞ্চগড় চেম্বারের সভাপতি শরীফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা প্রশাসক স্বাস্থ্যবিধিসহ ১১ দফা মেনে চলার নির্দেশনা দিয়েছেন। এসব নির্দেশনার মধ্যে রয়েছে বিদেশি চালকরা বিশেষ প্রয়োজন ছাড়া কোনো অবস্থাতেই গাড়ি থেকে নামতে পারবেন না। প্রয়োজনে পানিসহ শুকনো খাবার ও কাগজ-কলম সঙ্গে বহন করবেন। বন্দর কর্তৃপক্ষ বিদেশি চালকদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থা করবেন। কোনো অবস্থাতেই বিদেশি চালকরা বাংলাদেশে অবস্থান করতে পারবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত