ড. জাফরুল্লাহর ফুসফুস ও গলার সংক্রমণ কমছে

আপডেট : ১৩ জুন ২০২০, ০৪:১০ পিএম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তার ফুসফুস ও গলার সংক্রমণ কমতে শুরু করেছে।

শনিবার গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো.ফরহাদ এ তথ্য জানান।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ব্রি. জেনারেল (অব.) মামুন মোস্তাফীর বরাত দিয়ে তিনি বলেন, স্যারের ফুসফুস এবং গলার প্রদাহ ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ডায়ালাইসিস, থেরাপি ও অন্যান্য চিকিৎসা চলমান।

মো. ফরহাদ বলেন, জাফরুল্লাহ চৌধুরী হাসপাতালেই আছেন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এবং চিকিৎসকদের অনুমতি ছাড়া ওনাকে হাসপাতাল ত্যাগ করতে দেওয়া হবে না।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রি. জেনারেল (অব.) অধ্যাপক ডা. মামুন মোস্তাফী, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষাতেই তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত