আরো সংক্রামক 'হয়ে উঠছে' করোনাভাইরাস

আপডেট : ১৩ জুন ২০২০, ১০:৫৬ পিএম

আরো সংক্রামক হয়ে উঠছে নভেল করোনাভাইরাস। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একদল গবেষক সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটের গবেষকেরা সম্প্রতি এ গবেষণা করেছেন। 

তারা জানান, গবেষণায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী নতুন করোনাভাইরাস এমনভাবে পরিবর্তিত হচ্ছে, যাতে করে মানবদেহের কোষকে আক্রান্ত করা ভাইরাসটির পক্ষে আরো সহজ হয়ে উঠছে। 

তারা বলেন, এ কারণেই যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকায় নতুন করোনাভাইরাসের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। 

গবেষকরা বলছেন, নতুন বিবর্তনের ফলে করোনাভাইরাসের স্পাইক প্রোটিনে পরিবর্তন দেখা যাচ্ছে। স্পাইক প্রোটিন মূলত নতুন করোনাভাইরাসের বাইরের একটি অংশ যা, মানবদেহের কোষে সংযুক্ত হতে কাজে লাগে।

এই গবেষক দলের প্রধান ও স্ক্রিপস রিসার্চ ভাইরোলজিস্ট হায়রিউন চো এক বিবৃতিতে বলেন, এই ধরনের বিবর্তিত ভাইরাসগুলোর মানবদেহের কোষকে আক্রান্ত করার ক্ষমতা বেশি। যেসব ভাইরাসে এই পরিবর্তন আসেনি সেগুলোর আক্রান্ত করার ক্ষমতা কম।

বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপ ও আমেরিকায় কেন নতুন করোনাভাইরাস দ্রুত ও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ল, সেই প্রশ্নের উত্তর হতে পারে এই গবেষণা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত