যমুনায় ভাঙন, বিলীনের পথে কমিউনিটি ক্লিনিক

আপডেট : ১৪ জুন ২০২০, ০৭:০০ এএম

কয়েক দিন ধরে পানিবৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের পাঁচটি গ্রামে যমুনা নদীর ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গ্রামগুলো হলো সোনাতনী, ছোট চানতারা, শ্রীপুর, ধীতপুর ও মাকড়া। এ ভাঙনের ফলে ইতিমধ্যে এসব গ্রামের দুই শতাধিক বাড়িঘর, ফসলি জমি ও গাছপালা যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের তাণ্ডবে সোনাতনী গ্রামে অবস্থিত সোনাতনী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের পাকা ভবনটি যেকোনো মুহূর্তে যমুনা নদীতে বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে।

এটি বিলীন হয়ে গেলে এ ইউনিয়নের ১০টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে পড়বে। তাই এলাকাবাসী জরুরি ভিত্তিতে এ ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।

এ বিষয়ে বানতিয়ার গ্রামের নূর ইসলাম, মনিরুল ইসলাম, আবদুল হাই, হজরত আলী, নাজিম উদ্দিন, সোনাতনী গ্রামের সৌরভ হোসেন, জিয়াইল হক ছোট চানতারা গ্রামের নওশাদ আলী, শ্রীপুর গ্রামের আমিরুল ইসলাম ও ধীতপুর গ্রামের হাজেরা খাতুন জানান, এ বছর পানি আসার শুরুতেই যমুনা নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। এলাকার বহু বাড়িঘর যমুনা নদীতে বিলীন হয়ে গেছে। ঘরবাড়ি হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছেন। এ ইউনিয়নের একমাত্র স্বাস্থ্যসেবা কেন্দ্রটিও এ ভাঙনের তাণ্ডবে হুমকির মধ্যে পড়েছে। এটি ভেঙে গেলে এ ইউনিয়নের স্বাস্থ্যসেবাও চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তাই এটি রক্ষায় দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত