ফেনীতে এক ইউপি চেয়ারম্যানসহ নতুন করে ৫৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল শনিবার সকালে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের করোনা নমুনা পরীক্ষাগার থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ২০ জন, সোনাগাজীতে ২৬ জন, পরশুরামে ৮ জন ও ছাগলনাইয়ায় ১ জন রয়েছেন।
জেলা করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, ফেনীর ৬টি উপজেলায় এ পর্যন্ত ৪৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০১ জন। মারা গেছেন ৯ জন। বর্তমানে হোম আইসোলেশন ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৫৫ জন।
তিনি আরও জানান, এখন পর্যন্ত ফেনীতে ৩ হাজার ২০৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ২ হাজার ৬৮৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। তাদের মধ্যে ৪৬৬ জনের রিপোর্ট পজিটিভ।
স্বাস্থ্য বিভাগ জানায়, সোনাগাজী উপজেলার মির্জানগর ইউপির চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো এবং ওই ইউপির ৩ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। করোনায় এ পর্যন্ত জেলায় ৯ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১০১ জন।
জেলায় এ পর্যন্ত শনাক্ত ৪৬৬ রোগীর মধ্যে ফেনী সদর উপজেলায় ১৭১ জন, সোনাগাজীতে ৮৩, দাগনভূঞায় ১০৮, ছাগলনাইয়ায় ৬২, ফুলগাজীতে ১০ ও পরশুরামে ২৩ জন এবং অন্য জেলার ৯ জন রোগী রয়েছেন।
