বাজেট প্রতিক্রিয়া

সরকার সাংস্কৃতিক কর্মকাণ্ড সংকোচনের নীতি গ্রহণ করেছে: উদীচী

আপডেট : ১৪ জুন ২০২০, ০৯:৪৮ পিএম

জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে লুটেরা অর্থনীতিকে উৎসাহিত করতে নানা ধরনের প্রণোদনা ও সুযোগ-সুবিধার প্রস্তাব আনা হয়েছে আর সংস্কৃতি খাতকে বরাবরের মতোই উপেক্ষা করা হয়েছে বলে মনে করে উদীচী।

সংগঠনটির মতে, করোনা মহামারি মোকাবিলায় জনগণের জীবন সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণে এই বাজেট একেবারেই অক্ষম। কৃষি ও স্বাস্থ্য খাতে যেটুকু প্রণোদনা ঘোষিত হয়েছে তাও ব্যাপক বাজেট ঘাটতি ও লুটপাটের কারণে বাস্তবায়িত হবে কিনা সন্দেহ রয়েছে।

রবিবার গণমাধ্যমে পাঠানো বাজেটোত্তর প্রতিক্রিয়ায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ড. সফিউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এ মত ব্যক্ত করেছেন।

তারা বলেন, প্রতিবছর ক্রমাগতভাবে সংস্কৃতি খাতে বরাদ্দ কমিয়ে সরকার সাংস্কৃতিক কর্মকাণ্ড সংকোচনের নীতি গ্রহণ করেছে, অথচ সরকার নিজেদের সংস্কৃতিবান্ধব বলে দাবি করে। মোট বাজেটের আকারের তুলনায় সংস্কৃতি খাতের বরাদ্দ একেবারেই অসামঞ্জস্যপূর্ণ ও অপ্রতুল।

বিবৃতিতে তারা বলেন, গতবার সংস্কৃতি খাতে মোট বাজেটের ০.১১ শতাংশ বরাদ্দ ছিল এবার তা কমিয়ে ০.১০ শতাংশ করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। করোনাকালে কর্মহীন হয়ে যাওয়া সংস্কৃতিক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট হাজার হাজার মানুষের কথা একেবারেই বিবেচনার বাইরে রাখা হয়েছে।

উদীচী নেতৃবৃন্দ বলেন, বাজেটের ন্যূনতম ১ শতাংশ সংস্কৃতি খাতে বরাদ্দ দিতে হবে। দেশের প্রতিনিধিত্বশীল সাংস্কৃতিক সংগঠন, সংস্কৃতি কর্মী ও নেতৃবৃন্দের সঙ্গে আলাপ-আলোচনা করে সরকারকে অবিলম্বে সংস্কৃতি খাতের বরাদ্দ বাড়ানো এবং তা যথাযথভাবে খরচ করার ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। একই সঙ্গে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা ও কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে গণমুখী বাজেট প্রণয়নের দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত