ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ৩ রেড জোন লকডাউন

আপডেট : ১৫ জুন ২০২০, ০৭:৩৬ এএম

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার তিনটি এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হয়েছে। গত শনিবার রাত ১২টা থেকে আগামী ২৭ জুন পর্যন্ত লকডাউনের নির্দেশনা বজায় থাকবে। ওই তিনটি এলাকা হলো ৪ নম্বর ওয়ার্ডের পূর্বপাইকপাড়া, ৫ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া ও ৮ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া শনিবার রাতে জানান, ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে তিন এলাকার প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ থাকবে। ওই এলাকার অন্তর্ভুক্ত প্রধান সড়কে যানবাহন চলাচল করবে। তবে আবাসিক এলাকার ভেতরে জরুরি সেবার যানবাহন বাদে অন্য কিছু প্রবেশ করতে পারবে না। ওইসব এলাকার ফার্মেসি, মুদিমাল ও কাঁচাবাজার নিয়ম মেনে খোলা থাকবে।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় গত শনিবার দুপুরে সদর উপজেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার তিন এলাকাকে রেড জোন চিহ্নিত করে লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের বিষয়টি সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত