নভেল করোনাভাইরাস পরিস্থিতি ‘পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও’ যে অবস্থায় ফ্রান্স এখন আছে তাকে ‘প্রথম জয়ের’ সঙ্গে তুলনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনে সোমবার তিনি বলেন, ‘মহামারীর সঙ্গে লড়াই এখনো শেষ হয়নি। কিন্তু ভাইরাসটির বিরুদ্ধে প্রথম এই জয়ে আমি খুশি।’
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ হিসাব অনুযায়ী, ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৯ জন মারা গেছেন নতুন এই রোগটিতে। মোট আক্রান্ত ১ লাখ ৫৭ হাজার ২২০ জন। সব মিলিয়ে মারা গেছেন ২৯ হাজার ৪০৭ জন। সুস্থ হয়েছেন ৭২ হাজার ৮৫৯ জন।
ম্যাক্রোঁ এদিন জানান, প্যারিস-সহ সব শহর এখন ‘গ্রিন জোন’। অর্থাৎ দেশটিতে এখন থেকে রেস্টুরেন্ট, ক্যাফেসহ অন্যান্য দোকানপাট পুরোদমে খুলতে পারবে।
গত ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়া এই রোগটিতে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ৪ লাখ ৩৫ হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত ৭৯ লাখ ৮৪ হাজার ৪৩২ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৪১ লাখ ৪ হাজার ৩৭৩ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২১ লাখ ৬২ হাজার ২২৪ জন। মোট মৃত্যু ১ লাখ ১৭ হাজার ৮৫৩ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ৮ লাখ ৬৭ হাজার ৮৪৯ জন।
