মাদারীপুরে লিবিয়ায় মানব পাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৫ জুন ২০২০, ০৭:১৮ পিএম

লিবিয়ায় মানব পাচার চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে মাদারীপুর র‌্যাব-৮। সোমবার রবিবার রাতে রাজশাহী জেলার রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তার করা হয় নাসির বয়াতী (২৭) ও হানিফ বয়াতী (৬০) নামের দুইজনকে। তাদের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার উত্তর আড়াইপাড়া গ্রামে।

সোমবার বিকালে মাদারীপুর র‌্যাব-৮ প্রেস রিলিজ এর মাধ্যমে র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি দল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রবিবার গভিররাতে রাজশাহী জেলার রাজপাড়া থানার তেরখাদিয়া গ্রাম এলাকা হতে নাসির বয়াতী ও হানিফ বয়াতীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

আসামী নাসির বয়াতী ও হানিফ বয়াতী দালাল চক্রের মূলহোতা রেজাউল বয়াতীর সাথে যোগসাজসে অবৈধভাবে লিবিয়ায় বাংলাদেশ হতে বিভিন্ন উপায়ে মানব পাচার করে আসছিল। নাসির বয়াতী ও হানিফ বয়াতী বাংলাদেশ হতে লিবিয়ায় মানব পাচারের যাবতীয় আর্থিক লেনদেন ও লোক সংগ্রহের কাজ সম্পাদন করে থাকে। আসামীদের বিরুদ্ধে রাজৈর থানার মামলা রয়েছে। তাদের রাজৈর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক মানব পাচারকারী চক্র ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে মোটা অংকের বেতনের চাকরীর প্রলোভন দেখিয়ে মানব পাচার করছে। উক্ত চক্রের সদস্যরা বাংলাদেশ, লিবিয়া ও ইতালিতে সমানভাবে সক্রিয়। এদের শিকার মূলত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের উঠতি বয়সের বেকার যুবকরা। চক্রটি বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে যুবকদের লিবিয়ায় পাচার করে থাকে। লিবিয়ায় অবস্থানরত চক্রের সদস্যরা লিবিয়ার বন্দিশালায় তাদেরকে আটক রেখে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে এবং উক্ত বন্দীদের নিকটাত্মীয়দের কাছ থেকে মোটা অংকের টাকা দাবী করে। টাকা প্রাপ্তি সাপেক্ষে তাদেরকে লিবিয়া হতে নৌকাযোগে অবৈধ পন্থায় ইতালিতে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত