পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে সাইদুল ইসলাম (৪০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। সে সময় লুৎফর রহমান বিশ্বাস (৪৫) নামের আরও একজন কৃষক আহত হয়েছেন। নিহত কৃষক সাইদুল বাঘার আটটিকি গ্রামের বকসো প্রামনিকের ছেলে।
স্থানীয় সংবাদকর্মী জিল্লুর রহমান জীবন জানান, গোপালপুর মাঠে কৃষি কাজ করার সময় দুপুরে প্রবল বৃষ্টি ও বজ্রপাতে গুরুতর আহত হয় কৃষক সাইদুল ইসলাম। বজ্রপাতে সাইদুলের বুক ও পিঠ পুড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
