চট্টগ্রামের ১২ বেসরকারি হাসপাতাল

করোনায় আক্রান্তদের চিকিৎসার নির্দেশ হাইকোর্টের

আপডেট : ১৬ জুন ২০২০, ০৫:৪০ এএম

চট্টগ্রামের ১২টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে দ্রুততম সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও ভেন্টিলেটর সুবিধাসম্পন্ন এ হাসপাতালগুলোতে করোনার চিকিৎসা হচ্ছে কি না তা ২২ জুনের মধ্যে চট্টগ্রামের সিভিল সার্জনকে প্রতিবেদন আকারে হাইকোর্টকে জানাতে বলা হয়েছে। এ সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

১২টি বেসরকারি হাসপাতাল হলো পার্কভিউ হাসপাতাল, মেডিকেল সেন্টার, ইম্পেরিয়াল হাসপাতাল, সার্জিস্কোপ হাসপাতাল (ইউনিট-২), ডেল্টা হাসপাতাল, সিএসটিসি হাসপাতাল, সিএসসিআর, ন্যাশনাল হাসপাতাল, এশিয়ান হাসপাতাল, রয়েল হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল এবং ম্যাক্স হসপিটাল। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির পরও ওই হাসপাতালগুলোতে করোনা আক্রান্তদের চিকিৎসাসেবা চালু না হওয়ায় গত ১১ জুন আইনজীবী মো. সাইফুল ইসলাম ও মো. আজিজুল হক এ আবেদনটি করেন। রিটকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হাসান এম এস আজিম ও মোহাম্মদ বাকির উদ্দিন ভুঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ।

সমরেন্দ্র নাথ দেশ রূপান্তরকে বলেন, ‘চট্টগ্রামে গত ৪ এপ্রিল এক সভায় করোনাভাইরাস চিকিৎসায় সেখানকার ১২টি বেসরকারি হাসপাতাল নির্ধারণ করেছিল করোনাভাইরাস মোকাবিলায় গঠিত সংশ্লিষ্ট কমিটি। কিন্তু সিদ্ধান্তের অনেক সময় পার হলেও ওই হাসপাতাল-ক্লিনিকগুলোতে চিকিৎসাসেবা শুরু হয়নি। এ নিয়ে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট চিকিৎসাসেবা শুরু করতে আদেশ দিয়েছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত