সিনোভ্যাকের দাবি

ট্রায়ালে করোনা টিকার ফল ইতিবাচক

আপডেট : ১৬ জুন ২০২০, ০৬:৩১ এএম

চীনের ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেকের করোনা টিকার ট্রায়ালে ইতিবাচক ফল মিলেছে। ১৪ জুন রবিবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতিমধ্যেই তাদের প্রথম ও দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে। ১৪ দিনের ব্যবধানে দুই ট্রায়াল সম্পন্ন হয়। প্রাথমিকভাবে দুটিতেই ইতিবাচক ফল পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটির তরফে বলা হয়েছে, করোনাভ্যাক নামের তাদের এ টিকা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতায় ভালো ভূমিকা পালনে সক্ষম। ক্লিনিক্যাল ট্রায়ালে এটি দুই সপ্তাহের মধ্যে শরীরে কার্যকর অ্যান্টিবডি তৈরিতে সমর্থ হয়েছে।

দুই ধাপের এই ট্রায়ালের সঙ্গে যুক্ত ছিলেন ৭৪৩ জন স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবী। এর মধ্যে প্রথম ধাপে ছিলেন ১৪৩ জন আর দ্বিতীয় ধাপে ৬০০ জন। তাদের সবার বয়স ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে। এতে ৯০ শতাংশ মানুষের শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। সিনোভ্যাক বলছে, ট্রায়ালে কার্যকারিতা প্রমাণিত হওয়ায় ব্যাপকভিত্তিক উৎপাদনে যেতে এখন শুধু কর্র্তৃপক্ষের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত