ফেনীর সোনাগাজীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে সালাহ উদ্দিন বাবুল (৪৮) নামে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। পরে রাত আড়াইটার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু ও ইসলামী আন্দোলনের দাফন টিমের সহায়তায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সালাহ উদ্দিন বাবুল উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামের ভেন্ডার বাড়ির মৃত আবদুল ওহাবের ছেলে। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর চৌধুরীপাড়া হুমায়রা বালিকা দাখিল মাদ্রাসার ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন।
অপরদিকে ফরিদপুরের ভাঙ্গায় করোনায় মারা গেছেন আনসার ব্যাটালিয়নের সদস্য। তিনি আনসার বাহিনীর ভাঙ্গায় কর্মরত ছিলেন। তার নাম আবদুর রউফ (৫৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন আনসার ভিডিপি ফরিদপুরের কমান্ডার সাইদুর রহমান। তিনি বলেন, করোনা পজিটিভ হওয়ার তাকে স্বাস্থ্যবিধি মেনে নিজ বাড়ি নড়াইল জেলার খামারবাড়িতে পাঠানো হয়। গতকাল সোমবার সকালে নিজ বাড়িতেই তিনি মারা যান।
