করোনা থেকে জীবন বাঁচানোর ওষুধের ‘সন্ধান’

আপডেট : ১৬ জুন ২০২০, ০৭:২২ পিএম

ডেক্সামেথাসোন নামে একটি সস্তা এবং সহজলভ্য ওষুধ নভেল করোনাভাইরাসের গুরুতর রোগীদের জীবন বাঁচাতে সাহায্য করবে বলে ব্রিটিশ বিশেষজ্ঞরা জানিয়েছেন।

বিবিসি জানায়, ডেক্সামেথাসোনের ব্যবহারকে মরণঘাতী ভাইরাসটির চিকিৎসায় বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

অন্যান্য রোগের ওষুধ নিয়ে করোনা চিকিৎসার সবচেয়ে বড় ট্রায়ালে পরীক্ষা করা দেখা হয় ডেক্সামেথাসোনের কার্যকারিতাও।

গবেষণার চিফ ইনভেস্টিগেটর প্রফেসর পিটার হরবি বলেন, এটিই এখন পর্যন্ত একমাত্র ওষুধ যাতে করোনা আক্রান্তদের মৃত্যুহার কমিয়ে দিতে সক্ষম হয়েছে।

ডেক্সামেথেসোন এক ধরণের কর্টিকোস্টেরয়েড ওষুধ। এটি রিউম্যাটিক সমস্যা, বেশ কয়েকটি চর্মরোগ, মারাত্মক অ্যালার্জি, হাঁপানি, দীর্ঘস্থায়ী ফুসফুস রোগ, মস্তিষ্কের ফোলা, যক্ষ্মাসহ অনেক রোগ ও শারীরিক সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়।

গবেষণা থেকে জানা গেছে, ভেন্টিলেটরে থাকা করোনা আক্রান্তদের এক তৃতীয়াংশ রোগীর মৃত্যু রোধ করতে পারে এই ওষুধ এবং অক্সিজেন সাপোর্টে থাকা রোগীদের এক পঞ্চমাংশ মৃত্যু রোধ করতে সক্ষম।

অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি দলের নেতৃত্বে এই ট্রায়ালে হাসপাতালে ভর্তি হওয়া দুই হাজার রোগীদের ডেক্সামেথেসোন দেওয়া হয়। সেইসঙ্গে এই ওষুধ না নেয়া ৪ হাজারেরও বেশি রোগীদের সঙ্গে তুলনা করে দেখা হয়।

ট্রায়ালের ফলাফলে দেখা গেছে, ভেন্টিলেটরে থাকা রোগীদের ক্ষেত্রে ওষুধটির ব্যবহার মৃত্যুঝুঁকি ৪০ শতাংশ থেকে ২৮ শতাংশ কমিয়ে এনেছে এবং অক্সিজেনে সাপোর্টে থাকা রোগীদের ক্ষেত্রে ২৫-২০ শতাংশে নামিয়ে এনেছে।

গবেষণাটির প্রধান গবেষক প্রফেসর মার্টিন ল্যান্ড্রে জানান, ভেন্টিলেটরে থাকা আটজন রোগীর মধ্যে একজনের প্রাণ বাঁচিয়েছে  ডেক্সামেথেসোন।

সস্তা ও বহুল ব্যবহৃত হওয়ার কারণে অনুন্নত দেশগুলোতে করোনা চিকিৎসায় ডেক্সামেথাসোন ব্যবহারে দারুণভাবে উপকৃত হবে বলে গবেষকেরা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত