করোনাভাইরাস নিয়ে আবার বিতর্কিত মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা বেশি হচ্ছে বলেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে সংক্রমণ বেড়ে যাচ্ছে। পরীক্ষা বন্ধ করলেই সংক্রমণ কমে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।
গত সোমবার বয়স্ক নাগরিকদের সহযোগিতাবিষয়ক এক সভায় এসব কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে করোনাভাইরাস রোধে শরীরে জীবাণুনাশক ইনজেকশন নেওয়ার পরামর্শ দেন তিনি। সভায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যদি আপনি পরীক্ষা করা বন্ধ করে দেন তাহলে কোনো করোনা রোগীই পাবেন না। যদি আমরা এই মুহূর্তে করোনা টেস্ট করা বন্ধ করে দেই তাহলে আমরা খুব কমই করোনা রোগী পাব।’
সোমবার সকালে দেওয়া এক টুইটবার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘অন্য দেশের চেয়ে আমাদের দেশে করোনার পরীক্ষা ব্যাপক আকারে এবং উন্নত পদ্ধতিতে হচ্ছে (আমরা করোনা পরীক্ষার কাজটি খুব ভালোভাবে করেছি)। এ কারণেই অনেক বেশি সংক্রমণ দেখা যাচ্ছে। পরীক্ষা না হলে বা দুর্বল পদ্ধতিতে পরীক্ষা হলে দেখা যেত, এই দেশে করোনা সংক্রমিত কোনো রোগীই প্রায় নেই।’
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২২ লাখের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। মারা গেছেন ১ লাখ ১৮ হাজারের বেশি।
