দ্বিতীয় ধাপের ট্রায়ালে ‘সফল’ চীনের আরেকটি ভ্যাকসিন

আপডেট : ১৭ জুন ২০২০, ০২:৪০ পিএম

এবার করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের ট্রায়ালে সফল হওয়ার কথা জানালো চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সিএনবিজি)। এর আগে বেইজিংভিত্তিক সিনোভ্যাক বায়োটেক লিমিটেড একই কথা জানায়।

সিএনবিজির উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কোম্পানিটি এখন তৃতীয় তথা চূড়ান্ত ধাপের ট্রায়াল বিদেশে দিতে চায়।

ভ্যাকসিন ট্রায়ালের প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় এবং তৃতীয় ধাপ বেশি চ্যালেঞ্জিং। এই দুই ধাপে একসঙ্গে অনেক মানুষকে যুক্ত করা হয়। চূড়ান্ত ঝুঁকি এখানেই বোঝা যায়।

সিএনবিজি মঙ্গলবার বিবৃতির মাধ্যমে জানিয়েছে, ক্লিনিকাল ট্রায়ালে তাদের পরীক্ষামূলক ভ্যাকসিন নভেল করোনাভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডির কার্যক্ষমতা বাড়াতে সক্ষম হয়েছে।

করোনা পরিস্থিতি চীনে আগের থেকে বেশি নিয়ন্ত্রণে চলে আসায় দেশটির ভ্যাকসিন প্রস্ততকারক প্রতিষ্ঠানগুলো দেশের বাইরে ট্রায়ালের পরিকল্পনা করছে। কারণ নিজস্ব কমিউনিটিতে মহামারীর প্রকোপ কমে আসলে ট্রায়ালে শতভাগ নির্ভুল ফল পাওয়া যায় না।

সিএনবিজি বিবৃতিতে বলছে, ‘আমরা সমবায় উদ্দেশ্যে বিভিন্ন দেশের কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছি।’

এই প্রতিষ্ঠানের মতো সিনোভ্যাক বায়োটেকও তাদের তৃতীয় ধাপের ট্রায়াল বিদেশে দিতে চায়। সামনের মাসে কোম্পানিটি ব্রাজিলে কাজ শুরু করতে পারে।

২০০৯ সালে সোয়াইন ফ্লুর টিকা বাজারজাত করে আলোচনায় আসে সিনোভ্যাক বায়োটেক। তখন প্রথম কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি হিসেবে এ টিকা বাজারে আনতে সক্ষম হয় প্রতিষ্ঠানটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত