দিনাজপুরে হত্যা মামলায় রিমান্ডে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা

আপডেট : ১৮ জুন ২০২০, ০২:৩১ পিএম

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জোড়া খুনসহ ৬টি মামলার আসামি বহিষ্কৃত দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমাম আবু জাফর রজবের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে বিভিন্ন মামলায় ২ দিনের রিমান্ড শেষে আজকে (বৃহস্পতিবার) জেলার বোচগঞ্জ থানার একটি হত্যা মামলায় দণ্ডবিধির আইনে ৩০২ ধারায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্টের মাধ্যমে দিনাজপুর জেলা জজকোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের আদালতে ৫ দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়।

এর আগে চলতি বছরের গত ১৬ ফেব্রুয়ারি মাসে বহিষ্কৃত জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমাম আবু জাফর রজবের বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

রিমান্ড মঞ্জুরের আদেশের সময় আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার উপস্থিত ছিলেন। বাদী পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি।

এর আগে গত ১১ জুন হাবিপ্রবির জোড়া খুনসহ ৬টি মামলায় দিনাজপুর শহরের বাহাদুর বাজারে অবস্থিত বহিস্কৃত জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমাম আবু জাফর রজবকে তার মালিকাধীন আফিয়া ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করে কোতয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তারের পর ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। বহিস্কৃত এই নেতার বিরুদ্ধে জ্ঞাত আয়বর্হিভূত সম্পত্তির অনুসন্ধান করছে দুদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত