অব্যাহতির পরদিন পানিসম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আটক

আপডেট : ১৯ জুন ২০২০, ০৫:৩৩ এএম

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের ব্যক্তিগত কর্মকর্তা মো. হাদিস মীরকে আটক করা হয়েছে। দায়িত্ব থেকে অব্যাহতির পরদিন গত বুধবার রাতে বরিশাল নগরীর বাসা থেকে তাকে আটক করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা। তবে হাদিসকে আটকের সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি কাউনিয়া থানার ওসি মো. আজিম-উল করিম। কাউনিয়া থানার ওসি বলেন, বুধবার গভীর রাতে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার ভাড়া বাসা থেকে আটকের পর হাদিস মীরকে নিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা ঢাকার উদ্দেশে রওনা হন। তাকে আটকের সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহায়তা নেওয়া হয়।

গত ১৬ জুন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রশাসন/২ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে হাদিস মীরকে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। ২০১৯ সালের ২৯ জানুয়ারি প্রতিমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তার প্রিভিলেজ স্টাফ হিসেবে তাকে ব্যক্তিগত কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, পানিসম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা থাকাকালে হাদিস মীর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ইমেইল পাঠিয়ে প্রতারণার মাধ্যমে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছেন। এছাড়া বরিশাল সদর আসনে টিআর-কাবিখাসহ সামাজিক নিরাপত্তা সহায়তা বিতরণের নামে তার বিরুদ্ধে আর্থিক সুবিধা আদায়ের অভিযোগ উঠেছে। এ প্রেক্ষাপটে প্রতিমন্ত্রীর নির্দেশে তাকে অব্যাহতি প্রদান করেছে পানিসম্পদ মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত