গাংনীতে আওয়ামী লীগ নেতার কান্ড

বাড়ি থেকে ধরে নিয়ে ত্রাণের তালিকায় সই আদায়

আপডেট : ১৯ জুন ২০২০, ০৭:২৮ এএম

মেহেরপুরের গাংনীতে এক ইউপি চেয়ারম্যানকে বাড়ি থেকে জোরপূর্বক ইউপি কার্যালয়ে নিয়ে ১২শ জনের ত্রাণের তালিকায় স্বাক্ষর করিয়ে নিয়েছেন ওই ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি আব্দুর রউফ স্বপন ও তার দলবল। এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার ওই ইউপি চেয়ারম্যান বাদী হয়ে স্বপনসহ ২৩ জনকে আসামি করে গাংনী থানায় মামলা করেছেন।

এছাড়া স্বপনের বিরুদ্ধে ওই ইউপি চেয়ারম্যান একটি লিখিত অভিযোগ গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শাহনেওয়াজের কাছেও দিয়েছেন। স্বপন একই উপজেলার ধানখোলা ইউনিয়নের আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বাড়ি কাজীপুর ইউনিয়নের হালসানা গ্রামে।

লিখিত অভিযোগে জানা গেছে, গত বুধবার দুপুরে কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ স্বপনের নেতৃত্বে বেতবাড়িয়া গ্রামের, রাজু, জাহিদুল ইসলাম, বাবু, রিপন, আনারুল ইসলাম, জিন্নাহ, সজিব হোসেন, মুকুল, জিয়া, নওশাদ আলী, আলাইহীম, সাহেবনগরের মহিজুল ইসলাম, এরশাদ আলী, রতন আলী, কাজিপুরের রুহুল আমিন, মনজুর মুর্শেদ জুয়েল, আতিয়ার রহমান, মঙ্গল আলীসহ ২৩ জন ইউপি চেয়ারম্যান রাহাত উল্লাহর বাড়িতে গিয়ে তার ওপর চড়াও হয়। তারা চেয়ারম্যানকে জোরপূর্বক মোটরসাইকেলযোগে ইউনিয়ন কার্যালয়ে নিয়ে যায়। সেখানে ইউনিয়ন পরিষদের প্যাডে তাদের তৈরি ত্রাণের ১২শ’ জনের একটি তালিকায় জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয়। এর আগে ইউপি সচিবকে লাঞ্ছিত করে প্যাড ছিনিয়ে নেওয়া হয়। এই সময় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির ক্যাডার বলে পরিচিত বেতবাড়িয়া গ্রামের হকাজ্জেলের ছেলে রাজু ভিজিডির ২ বস্তা চাল ইউপি কার্যালয় থেকে ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে গাংনী থানার ওসি ওবাইদুর রহমান বলেন, কাজিপুর ইউপি চেয়ারম্যান ও সদস্যদের স্বাক্ষর করা একটি অভিযোগপত্রের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামি গ্রেপ্তারে পুলিশ দ্রুতই অভিযান চালাবে।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শাহনেওয়াজ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ঘটনার সময় ইউপি কার্যালয় থেকে ত্রাণের দুই বস্তা চাল ছিনতাইয়ের ঘটনায় বেতবাড়িয়া গ্রামের হকাজ্জেলের ছেলে রাজুকে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর কারাদন্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে।

 মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক এ বিষয়ে বলেন, অনৈতিক কাজ করতে গিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করলে সে যেই হোক, যত বড় নেতাই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত