ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোয় ১৫ ঘরবাড়ি বিধ্বস্ত

আপডেট : ১৯ জুন ২০২০, ০৭:৩৩ এএম

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় টর্নেডোর আঘাতে অন্তত ১৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বাসুদেব ইউনিয়নের আহরন্দ গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গ্রামের দক্ষিণপাড়ার সুফিয়া বেগম (৬০) নামের এক নারী আহত হন।

উপজেলা প্রশাসন ও ক্ষতিগ্রস্তদের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করে আহরন্দ গ্রামের ওপর আঘাত হানে টর্নেডো। কয়েক সেকেন্ড স্থায়ী এ টর্নেডোর আঘাতে গ্রামের দক্ষিণপাড়ার অন্তত ১৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত সুফিয়া বেগম জানান, সকালে হঠাৎ করে প্রচন্ড বেগে বাতাস বইতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই টর্নেডোর আঘাতে তার ঘরের চালা উড়ে যায়।

প্রত্যক্ষদর্শী মোতালিব মিয়া জানান, সকালে প্রচন্ড শব্দ শুনতে পান তিনি। কিছু বুঝার আগেই আশপাশের ঘরবাড়ির চাল উড়িয়ে নিয়ে যেতে দেখেন তিনি। ইউএনও বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের ছয় হাজার করে টাকা এবং শুকনো খাবার দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত