বড়লেখায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেপ্তার

আপডেট : ১৯ জুন ২০২০, ০৬:৪২ পিএম

মৌলভীবাজারের বড়লেখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের বিভিন্ন মন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় দেলোয়ার হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নিজবাহাদুরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। দেলোয়ার হোসেন নিজবাহাদুরপুর ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিএনপি, ছাত্রদল ও জামায়াত-শিবিরের একটি সংঘবদ্ধ চক্র ১০ জুন থেকে ১৬ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের বিভিন্ন মন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীসহ রাষ্ট্র ও সরকারবিরোধী মিথ্যা, বিভ্রান্তিমূলক স্ট্যাটাস ও ভিডিও আপলোড করে অপপ্রচার চালানো হচ্ছে।  

এই ঘটনায় বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ বাদি হয়ে ৫ জনের নামোল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা করেন (মামলা নং-৭)। মামলার আসামিরা হলেন- উপজেলার বড়থল গ্রামের আব্দুল মালিকের ছেলে রুমেল আহমদ ওরফে মমতা আহমদ (৩৫), গল্লাসাঙ্গন গ্রামের আব্দুল মালিকের ছেলে মুহিবুর রহমান (২৮), ইটাউরি গ্রামের সৈয়দ সফিকুল হকের ছেলে সৈয়দ আদনানুল হক (২৭), রুকনপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে আসুক আহমদ (৩০) এবং নিজবাহাদুরপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে দেলোয়ার হোসেন (২৮)।

বৃহস্পতিবার রাতেই মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শরীফ উদ্দিন নিজবাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে মামলার আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন। 

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিনুল হক জানান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদের আহমদের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত