বরিশাল সরকারি জেনারেল হাসপাতালের (সদর) চর্ম ও যৌন রোগ বিভাগের সিনিয়র কনসাললট্যান্ট ডা. মো. এমদাদ উল্লাহ খান করোনার উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি মারা যান। এর আগে করোনা উপসর্গসহ মারাত্মক শ্বাসকস্ট নিয়ে বৃহস্পতিবার বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন তিনি।
স্ত্রী ও দুই সন্তানের জনক ডা. এমদাদুল্লাহ খান গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় টায় তার অক্সিজেনের মাত্রা কমে গেলে দ্রুত তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পারিবারিক সূত্র জানায়, ডা. মো. এমদাদ উল্লাহর হার্টে আগেই রিং বসানো ছিলো। ডা. এমদাদ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে ১২তম ব্যাচের এমবিবিএস পাশ করেন।
এ নিয়ে বরিশালে করোনা এবং উপসর্গ নিয়ে দুইজন ডাক্তারের মৃত্যু হলো। এর আগে গত ৯ জুন বরিশালের বেসরকারী রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার হোসেনের মৃত্যু হয়। করোনা আক্রান্ত আরও এক চিকিৎসকের চিকিৎসা চলছে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে।
