লকডাউন শিথিলে প্রাণ ফিরছে সিঙ্গাপুরে

আপডেট : ২০ জুন ২০২০, ১২:২২ পিএম

করোনাভাইরাসের প্রকোপ অনেকটা কমে আসায় লকডাউন শিথিলের ঘোষণা দেওয়ার পর প্রাণ ফিরতে শুরু করেছে সিঙ্গাপুরে। খুলছে ক্যাফে, দোকানপাটগুলো। তবে কোনো কিছুতে ‘অতি উদযাপন’ না করার জন্য জনসাধারণকে সতর্ক করে দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী।

শুক্রবার থেকে নগর রাষ্ট্রটিতে ক্যাফে ও অন্যান্য দোকানপাট খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

করোনাভাইরাস সংক্রমণের কারণে দুই মাসের বেশি সময় ধরে লকডাউন অবস্থা চলছিল সিঙ্গাপুরে। পরিস্থিতি বিবেচনায় এসব বিধিনিষেধ অনেকটা শিথিল করল দেশটি।

খুলে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া ম্যাসেজ পার্লার ও স্পা সেন্টারগুলোও। খেলাধুলা শুরু করার পাশাপাশি খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বীচগুলো।

লকডাউন উঠিয়ে নেওয়ায় খুব খুশি সিঙ্গাপুরবাসী। মোস্তাফা জামশিদিয়ান নামে একজন কম্পিউটার সায়েন্স গবেষক এএফপিকে বলেন, “আমার খুব ভালো লাগছে। কারণ আমি বাইরে আসতে পেরেছি। এখনো কিছু বিধিনিষেধ রয়েছে। তবে আমি খুশি, আমি খুব নিরাপদ বোধ করছি।”

আঞ্জেলিকা স্তাসেভিচ নামে ২১ বছর বয়সী এক নারী জানান, বিধিনিষেধ তুলে নেওয়াতে তিনিও ‘অনেক খুশি’।

“আজ আমার গান গাইতে ইচ্ছা করছে, নাচতে ইচ্ছা করছে, অনেক হাঁটতে ইচ্ছা করছে।”

শিথিল বিধিনিষেধে একসঙ্গে পাঁচজন পর্যন্ত সমবেত হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে জনসাধারণকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং তিন মিটার দূরত্ব রেখে চলাচল করতে হবে। অপ্রয়োজনে বাইরে যাওয়ায় নিরুৎসাহিত করা হয়েছে।

এপ্রিলের শুরুর দিকে করোনাভাইরাস মোকাবিলায় লকডাউন আরোপ করে সিঙ্গাপুর। বন্ধ করে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠান ও কম প্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান। পরিস্থিতি ভালোর দিকে থাকায় এসব বিধিনিষেধ ধাপে ধাপে তুলে নেওয়ার পথে হাঁটছে কর্তৃপক্ষ।

৫৭ লাখ জনগণের দেশ সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। আক্রান্তদের বেশির ভাগই বিদেশ থেকে আশা শ্রমিক। দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ২৬ জন।

দেশের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া নিয়ে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেসিয়েন লুং ফেসবুক স্টেটাসে লিখেছেন- “আমি নিশ্চিত আমরা সবাই এই দিনটির জন্য অনেক দিন ধরে মুখিয়ে ছিলাম! তবে, দয়া করে অতি মাতামাতি করো না।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত