নারায়ণগঞ্জে তিন দিন ধরে করোনা পরীক্ষা বন্ধ

আপডেট : ২০ জুন ২০২০, ০৪:৪২ পিএম

হটস্পটখ্যাত নারায়ণগঞ্জে তিনদিন ধরে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা বন্ধ রয়েছে। কিট সংকটের কারণে নারায়ণগঞ্জের রুপগঞ্জ ব্যাতীত অন্য কোথাও আর নমুনা নেয়া সম্ভব হচ্ছে না। ফলে পরীক্ষার পরিমাণ কম হওয়ায় গত ২৪ ঘণ্টায় এ জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪০ জন।

সব মিলিয়ে এ জেলায় কভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৪৫৩০। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে জেলা সিভিল সার্জন অফিস নিয়মিত আপডেটে জানায়, রূপগঞ্জ গোলাম দস্তগীর গাজী ল্যাব ও ইউএসবি ল্যাবে ১০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। কিট সংকটের কারণে শহরের খানপুরে অবস্থিত ৩শ’ শয্যা তথা করোনা হাসপাতালে কোনো নমুনা সংগ্রহ হয়নি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, সদর, বন্দর, আড়াইহাজার, সোনারগাঁয়ে একই কারনে নমুনা সংগ্রহ হয়নি। কয়েক দিন ধরে দেশের হটস্পট হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জে কিট সংকট দেখা দিলেও তা সমাধানে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, গত ২৪ ঘণ্টায় দুটি ল্যাবে মাত্র ১০৯ জনের নমুনা নেয়া হয়েছে। এ পর্যন্ত জেলায় ২১৬০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার সংখ্যা ১৯৮৬ জন ।

তিনি আরও বলেন, কিট সংকটের কারণে রুপগঞ্জ ছাড়া জেলার অন্য কোথাও করোনা পরীক্ষা করা সম্ভব হয়নি। আমরা এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করেছি। কিট এলেই পুনরায় পরীক্ষা কার্যক্রম শুরু হবে। তবে কবে নাগাদ কিট আসবে এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত