জয়পুরহাটের আক্কেলপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সৎ ভাইয়ের দায়ের কোপে বড় ভাই এবং জামালপুরের সরিষাবাড়ীতে দুর্বৃত্তদের শ্বাসরোধে অটোরিকশার চালক খুন হয়েছেন। এছাড়া, কুড়িগ্রামের ফুলবাড়ীতে উদ্ধার করা হয়েছে নিখোঁজ শিশুর মরদেহ। পুলিশের ধারণা, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
জয়পুরহাট : আক্কেলপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন স্বামী। গত শুক্রবার রাতে উপজেলার গুডুম্বা পূর্বপাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত রোজিনা আখতার (১৬) ওই এলাকার মকবুল হোসেনের মেয়ে এবং গুডুম্বা ডি.এস ফাজিল মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী। হত্যাকারী স্বামী গপিনাথপুর হরিসাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে মেহেদী হাসান।
পুলিশ ও পরিবার সূত্রমতে, গত শুক্রবার গভীর রাতে মেহেদী হাসান রোজিনাকে বাবার বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে এনে ছুরিকাঘাতে হত্যা করে।
সুনামগঞ্জ : বিশ্বম্ভরপুর উপজেলায় টয়লেট নির্মাণ নিয়ে দ্বন্দ্বের জের ধরে সৎ ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম দুলাল মিয়া (৩০)। তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার পলাশ ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জামালপুর : সরিষাবাড়ীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামনন্দপুর গ্রাম থেকে হাফিজুর রহমান নামে ৩০ বছর বয়সী ওই আটোরিকশা চালকের লাশ উদ্ধার করে পুলিশ।
কুড়িগ্রাম : ফুলবাড়ী উপজেলায় পাটক্ষেত থেকে সিয়াম (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সিয়াম ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর টেলিটারি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। গতকাল শনিবার দুপুরে বাড়ির ৫০ গজ দূরের পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল সিয়াম।
