শেরপুরে ২০০ ছাড়ালো করোনা শনাক্তের সংখ্যা

আপডেট : ২১ জুন ২০২০, ০৪:২৬ পিএম

যান্ত্রিক ত্রুটির কারণে চার দিন পর ময়মনসিংহের পিসিআর ল্যাব থেকে করোনাভাইরাস পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। শনিবার রাতে প্রাপ্ত প্রতিবেদনে শেরপুরে নতুন করে আরও ১৭ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ২০৯ জন, সুস্থ হয়েছেন ১০২ জন, মৃত্যু হয়েছে ৩ জনের। সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নতুন শনাক্তদের মধ্যে নালিতাবাড়ীতে ১১ জন, শ্রীবরদীতে ৪ জন ও শেরপুর সদর উপজেলায় ২ জন রয়েছেন। শনাক্তদের মধ্যে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও তার এক এমএলএসএস আছেন। অন্যরা সংশ্লিষ্ট উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় শনাক্ত ২০৯ জনের মধ্যে শেরপুর সদরে ৮৮, নকলায় ৪১, নালিতাবাড়ীতে ৩৭, ঝিনাইগাতীতে ২২ ও শ্রীবরদী উপজেলায় ১৯ জন। শনাক্তদের মধ্যে নয়জন চিকিৎসকসহ ৪১ জন স্বাস্থ্যকর্মী ও ২৪ জন পুলিশ সদস্য রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত