ফরিদপুরের ভাঙ্গায় করোনা ভাইরাসে এক বৃদ্ধ মারা গেছেন। রবিবার বিকেল সাড়ে চারটার দিকে ভাঙ্গা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের চন্ডিদাসদী মহল্লার নিজ বাড়িতে মারা যান তিনি। এর আগে ১৫ জুন তার করোনা শনাক্ত হয়।
মৃত্যু ওই বৃদ্ধের নাম কালীপদ ভৌমিক (৬৫)। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। কালীপদ ভৌমিক ভাঙ্গা কোর্টপাড় এলাকার অনিল দাস মিষ্টান্ন ভান্ডারের কারিগর ছিলেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মোহসিন উদ্দিন ফকির বলেন, গত ১৩ জুন করোনা পরীক্ষার জন্য কলীপদের নমুনা নেওয়া হয়। গত ১৫ জুন ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব থেকে পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এর পর থেকে তাকে বাড়িতে বিচ্ছিন্ন রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল।
কালীপদ ভৌামিকসহ উপজেলায় এ পর্যন্ত দুইজন মুক্তিযোদ্ধাসহ মোট নয়জন মারা গেলেন। এর মধ্যে একজন নারীও রয়েছেন।
প্রসঙ্গত, এই পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২০ ব্যক্তি। শনাক্ত হয়েছে ১২৯৪ জন।
