দক্ষিণ ইংল্যান্ডের রেডিং শহরে এক ব্যক্তির ছুরি হামলায় তিন জন নিহত ও আরও তিন জন গুরুতর আহত হয়েছেন। গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে শহরটির ফোরবুরি পার্কে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। ঘটনাস্থল থেকে রেডিংয়ের বাসিন্দা ২৫ বছর বয়সী এক যুবককে সেই খুন করেছে সন্দেহে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই ঘটনাকে শনিবার সন্ত্রাসবাদী ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে না বলে জানিয়েছিল তারা। কিন্তু গতকাল রবিবার ব্রিটিশ পুলিশ ওই হামলার সঙ্গে সন্ত্রাসবাদের যোগ আছে বলে জানিয়েছে। যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে লিবিয়ান বলে মনে করা হচ্ছে, নিরাপত্তা সূত্রগুলো বিবিসিকে এমনটি জানিয়েছে।
পার্কের মধ্যে এক ব্যক্তি কীভাবে একদল লোকের মধ্যে থেকে আরেক দলের কাছে গিয়ে তাদের ছুরিকাঘাত করার চেষ্টা করছিল ও পরে তার দিকে দৌড়ে আসে, বিবিসিকে তার বর্ণনা দিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী।
সানডে মিররের প্রতিবেদনে বলা হয়েছে, এক পুলিশ কর্মকর্তা সন্দেহভাজনকে জাপটে ধরে মাটিতে ফেলে দিয়ে তাকে নিয়ন্ত্রণে আনেন। টেমস ভ্যালি গোয়েন্দা পুলিশের প্রধান আয়ান হান্টার জানিয়েছেন, এ হামলার ঘটনায় আর কারও খোঁজ করছেন না তারা।
