চুক্তি সই

বাজেট সহায়তায় ২১২৩ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

আপডেট : ২২ জুন ২০২০, ০৭:২৩ এএম

বাজেট সহায়তা হিসেবে ২ হাজার ১২৩ কোটি টাকা বা ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এই টাকা বিনিয়োগ, ব্যবসার পরিবেশের আধুনিকায়ন, কর্মীদের সুরক্ষা ও সক্ষমতা জোরদার করা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ব্যয় করবে সরকার।

সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং বাংলাদেশে বিশ^ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেমবন গকতাল রবিবার  এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঋণ শোধ করতে ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছর সময় পাবে বাংলাদেশ। এই ঋণের অপরিশোধিত অর্থের ওপর বার্ষিক শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ এবং ১ দশমিক ২৫ শতাংশ হারে সুদ প্রদান করতে হবে।

এতে বলা হয়, দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত ও মানসম্পন্ন কর্মসংস্থানের সুযোগ ও পরিবেশ তৈরিসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সংশ্লিষ্টতায় সহায়ক কিছু নীতিকৌশল বা বিধিবিধান সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সরকারের ওই উদ্যোগ এবং প্রস্তাবিত সংস্কার পরিকল্পনা বাস্তবায়নকল্পে বিশ^ব্যাংক ২০১৮-১৯ থেকে ৩ অর্থবছরে মোট ৭৫০ মিলিয়ন বা ৭৫ কোটি মার্কিন ডলারের ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট (ডিপিসি) ঋণ সহায়তা প্রদানে সম্মত হয়েছে। এই ডিপিসির অংশ হিসেবে বিশ^ব্যাংক ২০১৮-১৯ অর্থবছরে ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা প্রদান করেছে। এরই ধারাবাহিকতায় ডেপিসি-২-এর আওতায় ২০১৯-২০ অর্থবছরে ওই ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত