স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীরও প্রাণ গেল

আপডেট : ২২ জুন ২০২০, ০৭:৫৯ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে মহিষ চড়াতে গিয়ে মাঠে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়া স্বামীকে বাঁচাতে গিয়ে একসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

তারা হলেন অভিরামপুর গ্রামের মো. শাজাহান মিয়া (৩৫) ও তার স্ত্রী এলোনা বেগম (৩০)।

গতকাল রবিবার সকাল ৮টার দিকে উপজেলার বঁাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৭টার দিকে শাজাহান মহিষ চড়াতে বাড়ির পাশের মাঠে যান। একপর্যায়ে মাঠে পড়ে থাকা বিদ্যুতের তারে শাজাহান জড়িয়ে যান। তাকে বাঁচাতে স্ত্রী এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পাশে থাকা তাদের ছেলে অনিক (১৪) এগিয়ে গেলে সে আহত হয়। পরে তার  চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে বাঁশতৈল ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত