মসজিদের দোহাই দিয়ে চলছে ড্রেজার ব্যবসা

আপডেট : ২২ জুন ২০২০, ০৮:০০ এএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের দিয়াইল গ্রামে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি বিক্রির অভিযোগ উঠেছে আপেল খান নামে এক ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে। ওই ব্যক্তি প্রভাব খাটিয়ে মসজিদের মাটি ভরাটের কথা বলে বিভিন্ন স্থানে মাটি বিক্রি করে আসছে। তার ড্রেজিংয়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাশের জমির মালিকরা।

পাশের জমির মালিক সোহেল রানা বলেন, একই উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের জাবরা গ্রামের বাসিন্দা আপেল খান। তিনি পাঁচ-ছয় মাস ধরে বানিয়াজুরি-কেল্লাই-কলতা সড়কের দিয়াইল এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন। ড্রেজিং করা জমির পাশে আমার ৬০ শতাংশ জমি রয়েছে। এই বর্ষায় সেগুলোসহ কয়েকজনের জমি ভেঙে যাবে। এ বিষয়ে নিষেধ করা সত্ত্বেও আপেল খান কোনো কথা না শুনে ‘প্রশাসনের অনুমতি আছে’ বলে জোর করে মাটি কেটেই যাচ্ছে।

তিনি আরও জানান, দু-তিন মাস আগে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান চালিয়ে তার ড্রেজিং বন্ধ করে দিয়েছিল। ১৫ দিন বন্ধ থাকার পর তিনি আবার পুরোদমে কাজ শুরু করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পাশের জমির মালিকরা বলেন, আপেল খান অনেক প্রভাবশালী। তার বিরুদ্ধে কোনো কথা বলা যায় না।

এ ব্যাপারে অভিযুক্ত ড্রেজার ব্যবসায়ী আপেল খান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে তিনি অনুমতি নিয়েই মাটি কাটছেন।

তবে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার বলেন, এর আগে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে তার ড্রেজার বন্ধ করে দেওয়াসহ জরিমানা করা হয়েছিল। ড্রেজিং কার্যক্রমের জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। দ্রুত আবার তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত