রাজধানীর চকবাজার এলাকা থেকে ৭,২০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন- মো. নাইম হোসেন (২৭), শাহীন আলম মজুমদার (২৭), ও মাকসুদুর রহমান মাসুদ (২৮)।
বুধবার র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে তাদের আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর আনিছুজ্জামান এর নেতৃত্বে একটি দল চকবাজার থানাধীন ইসলামবাগ মদিনা ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেট কার, নগদ ১৩,০০০ টাকা ও ৪ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কক্সবাজার ও চট্টগ্রাম হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে চকবাজার থানায় একটি মাদক মামলা করা হয়েছে।
