মেক্সিকোর দক্ষিণাঞ্চলে প্রশান্ত মহাসগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকালের দিকের এ ভূমিকম্প কয়েকশ মাইল দূরে রাজধানী মেক্সিকো সিটিতেও অনুভূত হয়েছে এবং সেখানে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পটির উপকেন্দ্র দক্ষিণাঞ্চলীয় ওহাকা রাজ্যের প্রশান্ত মহাসাগর তীরবর্তী রিজোর্ট শহর লা ক্রুসেসিতায় বলে মেক্সিকো কর্র্তৃপক্ষ জানিয়েছে। হতাহতের ঘটনাগুলোও লা ক্রুসেসিতা ও এর আশপাশের এলাকাগুলোতে ঘটেছে। মেক্সিকোর পবর্তময় ওহাকা রাজ্যটি কফি, রসালো উদ্ভিদ মেসক্যাল ও স্পেনীয় ঔপনিবেশিক স্থাপত্যের জন্য পরিচিত। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরও প্রাণঘাতী পরাঘাতের আশঙ্কায় উদ্বিগ্ন লা ক্রুসেসিতার বাসিন্দাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। স্থানীয় এক কর্মকর্তা জানান, শহরের প্রায় ২০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৩০টি বাড়ি প্রায় ধ্বংস হয়ে গেছে।
