পাকিস্তানের বিমানমন্ত্রী গোলাম সরোয়ার খান জানিয়েছেন, তার দেশের ৪০ শতাংশ পাইলটের লাইসেন্স ভুয়া। এদের মধ্যে অনেকে আবার ‘সক্রিয়’ নন।
পাকিস্তানের সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে মোট ৮৬০ জন সক্রিয় পাইলট আছেন। কিন্তু গোলাম সরোয়ার খান বলছেন, এদের মধ্যে ২৬২ জন অন্যকে পরীক্ষায় বসিয়ে পাস করেছেন!
গালফ নিউজের সঙ্গে আলাপকালে পাকিস্তানের বিমানমন্ত্রী বলেন, তার দেশে রাজনৈতিক প্রভাবে পাইলটদের চাকরি হয়। মেধার মূল্যায়ন হয় না। ইতিমধ্যে ৫৪ জন পাইলটকে শনাক্ত করে শোকজ করা হয়েছে।
পাকিস্তানে সম্প্রতি বিমান দুর্ঘটনা বেড়ে যাওয়ায় নড়েচড়ে বসছে দেশটির প্রশাসন। এর ভেতর খোদ মন্ত্রী দিলেন এমন খবর।
গত ২২ মে করাচি বিমানবন্দরে অবতরণের আগে একটি বিমান বিধ্বস্ত হয়। এতে পাইলট, ক্রুসহ ৯৭ জনের মৃত্যু হয়। ভাগ্যগুণে বেঁচে যান দুজন যাত্রী।
এই দুর্ঘটনার তদন্তের বরাত দিয়ে দিয়ে মন্ত্রী গোলাম সরোয়ার খান বুধবার পাকিস্তান সংসদে বলেন, বিমানটি শতভাগ ফিট ছিল। কোনো ধরনের কারিগরি ত্রুটি ছিল না। কিন্তু পাইলট অনেক বেশি উঁচু দিয়ে উড়ে যাচ্ছিলেন। ল্যান্ডিং গিয়ারও ঠিকমত কাজে লাগাননি। এর ফলে যে ইঞ্জিনের ক্ষতি হয়েছে, পাইলট সেটিও কনট্রোল টাওয়ারকে জানাতে ব্যর্থ হন।
তিনি বলেন, ‘সমস্যায় মনোযোগ দেয়ার পরিবর্তে পাইলট এবং কো-পাইলট করোনাভাইরাস নিয়ে কথা বলছিলেন!’
