মৌলভীবাজারে ৩০টি ভারতীয় মহিষ আটক

আপডেট : ২৫ জুন ২০২০, ১১:৪৮ পিএম

মৌলভীবাজারের বড়লেখায় সীমান্তে প্রায়ই অনাকাঙ্খিত ঘটনা ঘটে। গরু মহিষ চোরাচালান করতে গিয়ে বিএসএফের গুলিতে আহত নিহত হন চোরাকারবারিরা তবুও এই রুটে থামছে না চোরাচালানের ঘটনা। এবার চোরাই পথে আসা ৩০টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেছে ৫২ বিজিবি। 

বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের গঙ্গারজল এলাকা থেকে  মহিষগুলো আটক করা হয়। এ সময় মহিষ পাচারকারীরা পালিয়ে যায়। এদিকে বিকেলে মহিষগুলো জুড়ী কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবি’র জুড়ী কোম্পানী কমান্ডার গোপন সূত্রের ভিত্তিতে খবর পান বড়লেখা সীমান্তের মেইন পিলার ১৩৮২/৪-এস সংলগ্ন এলাকা দিয়ে একটি বড় ধরনের মহিষের চালান দেশের অভ্যন্তরে ঢুকেছে। এ তথ্যের ভিত্তিতে জুড়ী কোম্পানীর টহল কমান্ডার সুবেদার মো. ইমাম হোসেনের নেতৃত্বে জুড়ী বিওপি’র টহল দলসহ পাশ্বর্বতী বিওসিটিলা, লাতু এবং বোবারথল বিওপি’র যৌথ ২৪ জন বিজিবি সদস্য বৃহস্পতিবার সকালে মেইন পিলার পিলার ১৩৮২/৪-এস হতে ৭ কিলোমিটার মিটার অভ্যন্তরে বড়লেখা উপজেলার গঙ্গারজল নামক স্থানে অবস্থান নেন। এ সময় ভারতীয় মহিষের পাল নিয়ে চোরাচালানীরা অগ্রসর হলে বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে ৩০টি মহিষ আটক করেন। তবে চোরাকারবারীরা পালিয়ে যায়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ বলেন, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মহিষ ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ সময় বিজিবি ৩০টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেছে, যার বাজার মূল্য ১৮ লাখ ২০ হাজার টাকা। মহিষগুলো বৃহস্পতিবার বিকেলে জুড়ী কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত