ট্রাম্পের নিরাপত্তা দলের দুজন করোনা আক্রান্ত

আপডেট : ২৬ জুন ২০২০, ০৯:৫১ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়োজিত সিক্রেট সার্ভিসের দুজন এজেন্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ ঘটনায় সংস্থাটির কয়েক ডজন কর্মীকে সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে।

বিবিসি বাংলা জানায়, মার্কিন সিক্রেট সার্ভিসের দুজন এজেন্ট যারা রবিবার ওকলাহোমায় প্রেসিডেন্ট ট্রাম্পের জনসভায় ছিলেন, তাদের কভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।

এরপর সংস্থাটির কয়েক ডজন কর্মীকে সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে। সিক্রেট সার্ভিস অবশ্য তাদের ঠিক কতজন আইসোলেশনে আছে তা বলেনি।

ওকলাহোমার টালসা শহরে যখন কভিড-১৯ সংক্রমণ বাড়ছে, সেই সময় সেখানে নির্বাচনী সভা করায় প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা হয়।

ওই সভার আগে তার প্রচার টিমের ছয়জন সদস্য এবং পরে দুজন করোনাভাইরাস পজিটিভ বলে ধরা পড়ে।

যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্যে এখন করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেক্টিকাটের কর্তৃপক্ষ বলেছে, ওই আটটি রাজ্য থেকে আগতদের ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এক পূর্বাভাসে বলছে, অক্টোবর মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৮০ হাজার লোক করোনাভাইরাসে মারা যাবে। তবে যদি ৯৫ ভাগ আমেরিকান মাস্ক পরে তাহলে মৃত্যুর সংখ্যা হবে ১ লাখ ৪৬ হাজার।

যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই করোনাভাইরাসে ২৩ লাখ লোক আক্রান্ত এবং ১ লাখ ২১ হাজার লোক মারা গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত