এমপির নাম থাকায় মসজিদের ভিত্তিপ্রস্তর ভাঙচুর

আপডেট : ২৬ জুন ২০২০, ০৬:১৫ পিএম

সীতাকুন্ডে স্থানীয় সংসদ সদস্য আলহাজ দিদারুল আলমের নাম থাকায় মসজিদের ভিত্তিপ্রস্তর ভাঙচুর করেছে দুষ্কৃতিকারীরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। 

এর আগে মঙ্গলবার এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি দিদারুল আলম। 

বৃহস্পতিবার রাতে কয়েকজন দুষ্কৃতিকারী নামফলক ভাঙার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ আসলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পুলিশ চলে যাওয়ার ১ ঘণ্টা পর তারা আবার এসে দারোয়ানকে মারধর করে ভিত্তিপ্রস্তরের ফলক ভেঙে দেয়।

সম্প্রতি স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুনের সমর্থকরা সামাজিকে যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে দাবি করেন, তাদের নেতা পাঁচ মাস আগেই মসজিদের কাজের উদ্বোধন করেন। অপর দিকে এমপি দিদারুল আলমের সমর্থকরা বলেন, উপজেলা চেয়ারম্যান মসজিদের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করলেও ভিত্তিপ্রস্তর স্থাপন করেননি। 

উপজেলা চেয়ারম্যানের পিএস সাইদুর রহমার বলেন, উপজেলা চেয়ারম্যান বর্তমানে করোনা আক্রান্ত হওয়ার সুযোগ নিয়ে এমপি নিজের টাকা খরচ করে নামফলক বানিয়ে নিজের নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অপর দিকে উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শিহাব উদ্দিন দাবি করেন উপজেলা চেয়ারম্যান ভিত্তিপ্রস্তর স্থাপন করতে নয়

অনানুষ্ঠানিকভাবে তিনি গিয়েছিলেন পরিদর্শন করতে। তা ছাড়া এত বড় উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন স্বাভাবিকভাবে এমপি করবেন বলেও তিনি মন্তব্য করেন। 

তবে নামফলক ভাঙ্গায় উপজেলা চেয়ারম্যানের সমর্থকরা জড়িত কিনা এমন প্রশ্ন এড়িয়ে গিয়ে এমপি দিদার বলেন, আমি আইনী ব্যবস্থা নেব। পুলিশ বের করবে এ ঘটনায় কারা জড়িত।

প্রতি উপজেলায় মডেল মসজিদ স্থাপনের অংশ হিসাবে সীতাকুন্ডের মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় ১২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে মসজিদটির কাজ চালু করেছে গণপূর্ত অধিদপ্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত