ভারতসহ এশিয়ার কয়েকটি দেশে চীনের আগ্রাসী মনোভাব যথেষ্ট উদ্বেগের উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন, চীনের এই আগ্রাসন মোকাবিলা করতেই ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের সংখ্যা কমানো হচ্ছে। চীনের পিপলস লিবারেশন আর্মিকে (পিএলএ) কার্যকরভাবে মোকাবিলা করার জন্যই বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সেনাদের অবস্থান পর্যালোচনা চলছে। যেখানে বেশি প্রয়োজন, সেখানেই সেনা মোতায়েন করা হচ্ছে। গত বৃহস্পতিবার এক ভার্চুয়াল সম্মেলনে এ কথা জানান তিনি।
জার্মান মার্শাল ফান্ডের ব্রাসেলস ফোরাম ২০২০-এ এক প্রশ্নের জবাবে মাইক পম্পেও বলেন, চীনের কমিউনিস্ট পার্টির পদক্ষেপ শুধু ভারতের জন্য হুমকি নয়। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনও চীনের হুমকির মুখে রয়েছে।
পম্পেও বলেছেন, ‘বর্তমান সময়ের এই চ্যালেঞ্জ’ মোকাবিলা করতেই যুক্তরাষ্ট্রের সেনাদের জার্মানি থেকে সরিয়ে আনা হচ্ছে। আমরা পিএলএকে মোকাবিলা করার জন্য যথাযথভাবে সেনা মোতায়েন করব। আমরা মনে করি, এটিই আমাদের জন্য এই সময়ের চ্যালেঞ্জ। তা করার জন্য প্রয়োজনীয় স্থানে সেনা মোতায়েন নিশ্চিত করা হবে। কোথায় সেনা মোতায়েন করা হবে নির্ধারিত হবে বাস্তবতার ভিত্তিতে।
এর আগে লাদাখে চীনা ও ভারতীয় সেনাদের সংঘর্ষে ভারতের ২০ সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় এর আগেও চীনা সেনাবাহিনীর সমালোচনা করেছিলেন পম্পেও।
