শিক্ষক ও শিক্ষার্থীকে গাছ লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

আপডেট : ২৭ জুন ২০২০, ০৬:৩৫ এএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রত্যেক শিক্ষক ও শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। একটি গাছ কাটলে অন্তত দশটি গাছ লাগানোর আহ্বানও জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন অযত্ন-অবহেলায় আমাদের বনাঞ্চল নষ্ট হয়ে গিয়েছিল। বনাঞ্চল রক্ষা করতে এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণ অভিযানের সূচনা করেন।’

গতকাল অনলাইনে স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের আহ্বায়ক প্রফেসর নাসির উদ্দিনের সভাপতিত্বে অনলাইন অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহাবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুকসহ অনেকে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রকৃতি-পরিবেশ সংরক্ষণে বহু নীতি, আইন ও বিধিমালা প্রণয়ন করেছে আমাদের সরকার। পরিবেশ সংরক্ষণে সংবিধানেরও সংশোধন করা হয়েছে। সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংযোজন করে ১৮(ক) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্য প্রাণীর সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান করিবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত