পাটগ্রামে বাল্য বিয়ের অপরাধে বরের ১ মাসের সাজা

আপডেট : ২৭ জুন ২০২০, ১০:০১ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাল্য বিয়ের অভিযোগে বর আজিনুরের (২০) এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মশিউর রহমানের  ভ্রাম্যমাণ আদালতে এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত বর আজিনুর উপজেলার জগতবেড় ইউনিয়নের ভান্ডারদহ গ্রামের মৃত আনছার আলীর ছেলে।   

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত দুইটার দিকে পাটগ্রাম পৌরসভার বানিয়াপাড়া গ্রামে কনের বাড়িতে বাল্য বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্তের নেতৃত্বে থানা পুলিশ সদস্য নিয়ে পৌরসভার বানিয়াপাড়া গ্রামের স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী (১৫) কনের বাড়িতে পুলিশ অভিযান চালায়।

এ সময় বর ও কনেসহ বাড়ির অন্যান্য লোকজন পালিয়ে যাওয়ার সময় বর আজিনুরকে পুলিশ আটক করেন। তবে পুলিশি অভিযানের আগেই বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। পরে থানা পুলিশ ওই রাতেই বাল্য বিয়ের  অভিযোগে কনের বাড়িতেই ইউএনও মো. মশিউর রহমানের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আদালত আজিনুরের এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, দন্ডাদেশ প্রাপ্ত আজিনুরকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত