গাজীপুরের কালীগঞ্জে ছোট ভাইকে নিষিদ্ধ বিয়ার দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছেন বড় ভাই ইমরান হোসেন (৩০)। গত শুক্রবার রাতে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, শুক্রবার রাতে ওই ইউনিয়নের উত্তর জামালপুর গ্রামের বাতেন মিয়ার ছেলে ইমরানের দোকান কর্মী আসিফ মিয়া (২৪) থানা পুলিশকে ফোনে জানায়, কলাপাটুয়া গ্রামে ইকবাল হোসেনের (২৭) বাড়িতে বিয়ার ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে ইকবালের লাকড়ি রাখার ঘর থেকে ১০ পিস বিদেশি বিয়ার উদ্ধার করে। পরে ঘরের মালিক ইকবাল হোসেনকে আটক করে পুলিশ।
ওসি বলেন, একপর্যায়ে পুলিশের জিজ্ঞাসাবাদে ইকবাল তার বড় ভাইয়ের সঙ্গে ব্যবসায়িক দ্বন্দ্বের কথা উল্লেখ করে এবং এই বিয়ার তারই সাজানো নাটক বলে জানালে ঘটনাস্থল থেকে পুলিশকে খবর দেওয়া আসিফ দৌড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ কৌশলে ইমরানকে খবর দিয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি আপন ছোট ভাইকে ফাঁসানোর বিষয়টি স্বীকার করেন।
এ ঘটনায় কালীগঞ্জ থানার এএসআই ওমর ফারুক বাদী হয়ে বড় ভাই ইমরান হোসেনকে প্রধান করে তিনজনের নামে কালীগঞ্জ থানায় মাদক আইনে মামলা করেছেন।
ছোট ভাই ইকবাল হোসেন জানান, বড় ভাই ইমরান এর আগেও তাকে ১০ পিস ইয়াবা দিয়ে ফাঁসিয়েছেন। সেই মামলায় তাকে ২২ দিন কারাবাস করতে হয়েছে।
