বাজারে আসার মুহূর্তের মধ্যে ভারতে বিক্রি হয়ে গেল চীনা কোম্পানি রেডমির নতুন স্মার্টফোনের সব সেট। এই ঘটনায় চীনা পণ্য বয়কটের ডাকের বিষয়টি প্রশ্নের মুখে পড়েছে। জি নিউজ জানায়, রেডমি নোট নাইন প্রো ম্যাক্স মডেলের সেটটি বাজারে আসার প্রথম দিনেই ৫০ সেকেন্ডে ‘আউট অব স্টক’ হয়ে যায়। নতুন স্মার্টফোনটি বাজারে আসার প্রথম দিনেই বড় সাফল্যের কথা জানিয়ে রেডমি কোম্পানির ভারতের প্রধান মনুকুমার জৈন বলেন, আজকের সেলে ৫০ সেকেন্ডেরও কম সময়ে স্টক শেষ হয়ে যায়। পরের সপ্তাহে এটি আরও বেশি পরিমাণে বাজারে আনতে আমরা অনেক পরিশ্রম করে যাচ্ছি। তবে এই দিন কত সংখ্যক রেডমি নোট নাইন প্রো ম্যাক্স সেট বিক্রি হয়েছে সে ব্যাপারে কিছু বলেননি তিনি।
এদিকে সীমান্ত বিরোধ নিয়ে চীনা পণ্যের বয়কটের যে ডাক উঠেছিল সেটি কি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ ছিল এমন প্রশ্ন উঠেছে অল্প সময়ে রেডমির সব সেট ভারতীয়রা কিনে নেওয়ায়। তবে বিভিন্ন চীনা কোম্পানির স্মার্টফোনের যথেষ্ট চাহিদা রয়েছে ভারতের বাজারে। যা দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনার মধ্যে ভাটা পড়েনি। গত সপ্তাহ থেকে বেশ ভালো বিক্রি হচ্ছে ওয়ানপ্লাস ও শাওমির নতুন মডেলের ফোনগুলো। অনলাইনেই বিক্রি হয়ে যাচ্ছে অধিকাংশ সেট। মূলত কম থেকে মধ্য বাজেটের চীনা স্মার্টফোন বাদ দিলে খুব কম কোম্পানিরই এমন পণ্যের অপশন থাকে। ফলে চীনা সেটের দিকেই আগ্রহ বেশি ভারতীয় ভোক্তাদের।
